ক্যাম্পাস সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী
У вашего броузера проблема в совместимости с HTML5
ক্যাম্পাস সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী
কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সাংবাদিকতা একটি আকর্ষণীয় ও পছন্দের পেশা। সাংবাদিক হতে গেলে পেশাগত শিক্ষণ ও প্রশিক্ষণ-এর কোন বিকল্প নেই। কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকে অনেক বিষয়ে পড়াশোনা করছে। ইচ্ছে থাকা সত্বেও সুযোগের অভাবে সকলের পক্ষে পছন্দের বিষয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। এমনই এক বাস্তবতায় গত 18 জানুয়ারি রাজধানীর সোবাহানবাগ ভূঁইয়া একাডেমীতে শিক্ষা বিষয়ক মাসিক ম্যাগাজিন এডুকেশন ওয়াচ আয়োজন করে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত চারটি সেশনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রফিকুজ্জামান রুমান, সাউথইস্ট ইউনিভার্সিটির মিডিয়া কমিউনিকেশন এবং ব্র্যান্ডিং বিভাগের পরিচালক এবং টিভি ও রেডিওর সংবাদ উপস্থাপক মোহাম্মদ ইমতিয়াজ, অনলাইন ও ফিচার লেখার কৌশল ও মিডিয়া যোগাযোগের ওপর প্রশিক্ষণ দেন শান্তা ফারজানা ও মোমিন মেহেদী । ক্যাম্পাস সাংবাদিকতার অভিজ্ঞতা বিনিময় করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সাগর।
সকালে উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের স্বাগত জানান আয়োজক এডুকেশন ওয়াচের সম্পাদক মোঃ খলিলুর রহমান। তিনি সম্পাদক হিসাবে 12 বছরসহ সাংবাদিকতা জীবনের দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতার উল্লেখযোগ্য দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন-এর সাথে সাথে স্বল্প ও দীর্ঘমেয়াদি না না কোর্স ঘোষণা দেন। মধ্যবিরতির পর শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন ভূঁইয়া একাডেমী চেয়ারপারসন ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, ব্যারিস্টার শাহানারা ভূঁইয়া, মাজহারুল হক ভূঁইয়া, এস এম আবু তসলিমসহ ভূঁইয়া একাডেমীর কর্মকর্তারগণ। তারা কর্মশালার আয়োজন-এর জন্য এডুকেশন ওয়াচের সম্পাদক মোঃ খলিলুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের কাছে বেশ উপভোগ্য ছিল কর্মশালাটি।
একই দিন বিকেল চারটায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে মুজিব বর্ষ ও এডুকেশন ওয়াচ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)নওয়াজীশ আলী খান। এ সময় নওয়াজীশ আলী খান প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মুজিববর্ষ ও নৈতিক জীবন গঠনে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন । তিনি বলেন, জাতি ও সমাজ গঠনে একজন গণমাধ্যম কর্মী উল্লেখযোগ্য ভূমিকা রেখে থাকেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের উর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোযার হাবিব কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. অগাস্টিন ক্রুজ। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন মাসিক এডুকেশন ওয়াচ-এর সম্পাদক ও প্রকাশক মোঃ খলিলুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন ভূঁইয়া একাডেমীর রেজিস্টার এসএম আবু তসলিম, বিল্লাল হোসেন সাগর, শান্তা ফারজানা, মোমিন মেহেদী প্রমূখ । আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অতিথি ও প্রশিক্ষকদের সম্মাননা স্মারক ও মেডেল প্রদান করে এডুকেশন ওয়াচ।